
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮২ জনে। এর মধ্যে শুধু আগস্ট মাসেই মারা গেছেন ২৮ জন। এছাড়া জুলাই মাসে ৩৬ জন, জুন মাসে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৯ জন, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড। এর আগে গত ১৬ই আগস্ট এক দিনে সর্বোচ্চ ৮০৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। এই নতুন আক্রান্তদের নিয়ে চলতি বছর মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯২৯ জনে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ৭৯৬ জন। এ পর্যন্ত মোট ২৬ হাজার ৮৯৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক রোগী ভর্তির তথ্যে দেখা যায়, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ২৮৭ জন ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ১৫৯ জন, বরিশালে ১১৭ জন, চট্টগ্রামে ১০০ জন, ময়মনসিংহে ৭৯ জন এবং রাজশাহীতে ৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আপনার মতামত লিখুন :