
যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া গ্রামে পুকুরে ডুবে দুই বোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো জামদিয়া গ্রামের নেছার আলীর দুই মেয়ে সুলতানা (১১) ও লামিয়া (১৩) এবং একই গ্রামের আশিকুল ইসলামের মেয়ে ফাহিমা (১০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জুমার নামাজের আগে ওই তিন শিশু বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। পুকুরটি নিহত শিশু ফাহিমাদের পারিবারিক মালিকানাধীন হলেও এটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল। জামদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য সরোয়ার হুসাইন জানান, সাধারণত ওই পুকুরে কেউ গোসল করতে যায় না। গোসলের একপর্যায়ে শিশু তিনটি বাগানের ভেতরে থাকা গভীর ওই পুকুরের পানিতে তলিয়ে যায়।
পরিবারের সদস্য ও স্থানীয়রা খবর পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাসনুন আব্দুলাহ জানান, হাসপাতালে আনার পর পরীক্ষা করে দেখা যায় শিশুগুলোর হার্টবিট ছিল না এবং তারা আগেই মারা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম বলেন, পানিতে ডুবে তিন শিশুর মৃত্যুর খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :