Facebook Twitter Instagram YouTube

নীলফামারীতে সাপের কামড়ে শিশুসহ দুইজনের মৃত্যু


প্রকাশের সময় : আগস্ট ১৪, ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ /
নীলফামারীতে সাপের কামড়ে শিশুসহ দুইজনের মৃত্যু

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পৃথক দুটি ঘটনায় সাপের কামড়ে এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল বৈদ্যপাড়া এলাকার আব্দুর রহিমের মেয়ে লুনা (১০) এবং বড়ভিটা ইউনিয়নের জুরাবান্ধা মালিপাড়া এলাকার বিপুল রায়ের ছেলে বিজয় রায় (২০)। শুক্রবার সকালে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল গফুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, বিজয় রায় পেশায় সাপুড়ে ছিলেন। গত ৭ আগস্ট রাতে স্থানীয় একটি বাড়িতে আয়োজিত মনসার গানের অনুষ্ঠানে তিনি দর্শকদের সাপের খেলা দেখাচ্ছিলেন। এ সময় একটি সাপ তার হাতে কামড় দেয়। ঘটনার পর পরিবারের সদস্যরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

একই রাতে নয়ানখাল বৈদ্যপাড়া এলাকায় নিজ বাড়িতে মা-বাবার সঙ্গে ঘুমিয়ে ছিল শিশু লুনা। মধ্যরাতে ঘরে ঢুকে একটি সাপ তার ডান হাতে কামড় দিলে সে তীব্র ব্যথা অনুভব করে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিশোরগঞ্জ থানার ওসি আব্দুর গফুর এই ঘটনাকে খুবই দুঃখজনক ও মর্মান্তিক বলে উল্লেখ করেছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh