Facebook Twitter Instagram YouTube

দেশের বাজারে এক সপ্তাহে ডলারের দাম কমল ১ টাকা


প্রকাশের সময় : আগস্ট ১৪, ২০২৬, ৬:৩৩ অপরাহ্ণ /
দেশের বাজারে এক সপ্তাহে ডলারের দাম কমল ১ টাকা

দেশের বাজারে ডলারের দামে স্বস্তি ফিরছে। এক সপ্তাহের ব্যবধানে রেমিট্যান্সের ডলারের দাম ১ টাকা পর্যন্ত হ্রাস পেয়েছে। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) দেশের বেশ কয়েকটি বাণিজ্যিক ব্যাংক ১২২.৭০ টাকা দরে ডলার ক্রয় করেছে, যা আগের সপ্তাহে ১২৩.৬০ থেকে ১২৩.৭০ টাকা পর্যন্ত ছিল।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ডলারের দাম কমার পেছনে মূল কারণ হলো বাণিজ্যিক ব্যাংকগুলোতে নিট ওপেন পজিশন (এনওপি) দীর্ঘমেয়াদে নির্ধারিত সর্বোচ্চ সীমার কাছাকাছি অবস্থান করা। সহজ কথায়, বর্তমানে ব্যাংকগুলোর কাছে পর্যাপ্ত পরিমাণে ডলারের মজুত রয়েছে। এর ফলে ব্যাংকগুলো যেমন চড়া দামে রেমিট্যান্স কিনতে আগ্রহী হচ্ছে না, তেমনি তাদের হাতে থাকা ডলার দ্রুত বিক্রির উদ্দেশ্যে ব্যবসায়ী গ্রুপগুলোকে তুলনামূলক কম দামে এলসি (ঋণপত্র) নিষ্পত্তির সুবিধা দিচ্ছে।

এদিকে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাওয়ায় আমদানিকারকদের এলসি নিষ্পত্তির খরচও কমেছে, যার ইতিবাচক প্রভাব পড়েছে সামগ্রিক বাণিজ্যে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, বাজারে ডলারের পর্যাপ্ত সরবরাহ থাকায় আগামী সপ্তাহে এলসি নিষ্পত্তির ব্যয় আরও হ্রাস পাবে, যা দেশের ব্যবসা-বাণিজ্যে আরও গতি সঞ্চার করবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor