Facebook Twitter Instagram YouTube

বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী


প্রকাশের সময় : আগস্ট ১৫, ২০২৬, ১০:৩৩ অপরাহ্ণ /
বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে দেশবাসীকে যে ভোগান্তির শিকার হতে হচ্ছে, তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৫ আগস্ট) মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া-মোনাজাত ও দুস্থদের মাঝে অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, গত ৬ মাসে দেশের সকল সমস্যার সমাধান করে ফেলার দাবি করা অবাস্তব। তিনি অভিযোগ করেন যে, বিগত ফ্যাসিবাদী সরকার বিদ্যুৎ খাতে প্রায় ৩ লাখ কোটি টাকার ঋণের বোঝা রেখে গেছে। সারা দেশে, বিশেষ করে মফস্বল শহর ও গ্রামে বিদ্যুৎ এবং গ্যাসের যে তীব্র সংকট চলছে, তা স্বীকার করে তিনি বলেন, বিগত ১৭ বছরে স্বৈরাচারী শাসকরা প্রাকৃতিক সম্পদের একটি কূপও খনন করেনি, বরং এই খাতকে বিদেশিদের হাতে তুলে দিয়েছিল। সরকার দায়িত্ব নেওয়ার পরপরই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সকে দিয়ে দ্রুত গ্যাস কূপ খননের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে এর নিয়ন্ত্রণ দেশবাসীর হাতে থাকে।

গ্যাস সংকটের কারণ ব্যাখ্যা করে সরকারপ্রধান বলেন, বর্তমানে একটি বড় অংশ বিদেশ থেকে আমদানি করতে হয়। গত ১৫ বছরে ফ্যাসিবাদী সরকার মাত্র দুটি স্টোরেজের ব্যবস্থা করেছিল। অন্তর্বর্তী সরকারের সময় আনা একটি জাহাজে দুর্ঘটনার কারণে বর্তমানে গ্যাসের এই সমস্যা প্রকট হয়েছে। তবে কারিগরি ত্রুটি ইতোমধ্যেই সারিয়ে তোলা হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যে গ্যাসের সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, মানুষকে এই কষ্টের হাত থেকে রক্ষা করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি দ্রুতই এই পরিস্থিতি থেকে উত্তরণের প্রত্যাশা ব্যক্ত করেন যাতে সাধারণ মানুষ স্বস্তিতে বসবাস করতে পারে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin