Facebook Twitter Instagram YouTube

কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলার অভিযোগ, আহত ১০


প্রকাশের সময় : আগস্ট ১৫, ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ /
কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলার অভিযোগ, আহত ১০

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। এ ঘটনায় এমপি আমির হামজাসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ভিপি নুরুল হক নুর ও রাশেদ খানকে নিয়ে মুফতি আমির হামজার দেওয়া ‘কটূক্তির’ বক্তব্যের প্রতিবাদে জেলা গণঅধিকার পরিষদ ওই এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছিল। একই সময়ে মুফতি আমির হামজা ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি কর্মসূচি শেষে গাড়িযোগে বাড়ি ফিরছিলেন। তিনি ছয় রাস্তার মোড় এলাকা অতিক্রম করার সময় গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিলের মুখোমুখি হন এবং একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে।

এ বিষয়ে সংসদ সদস্য মুফতি আমির হামজা অভিযোগ করেন, গণঅধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেক ও সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদের নেতৃত্বে একদল নেতা-কর্মী লাঠিসোটা ও ইট-পাটকেল নিয়ে তার গাড়িতে হামলা চালায়। এতে তিনিসহ জামায়াতের অন্তত সাতজন কর্মী আহত হয়েছেন বলে দাবি করেন এমপি।

অন্যদিকে গণঅধিকার পরিষদের জেলা সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ দাবি করেন, তাদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে জামায়াতের নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালায় এবং দলীয় কার্যালয়ে ভাঙচুর করে। এতে তিনিসহ গণঅধিকার পরিষদের তিনজন আহত হয়েছেন।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিরাপত্তার স্বার্থে এমপির বাসভবনসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy