
দেশে বিশৃঙ্খলা ও রাস্তায় দাঁড়িয়ে ভাঙচুর করার রাজনীতির দিন শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বিরোধী দলগুলোকে উস্কানি ও বিভ্রান্তি ছড়ানোর পথ পরিহার করে জনকল্যাণমূলক সুনির্দিষ্ট পরিকল্পনা উপস্থাপনের আহ্বান জানিয়েছেন। শনিবার রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থ, অসহায় ও অসুস্থ মানুষের মাঝে চেক বিতরণ করতে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ এবং ঢাকা-১৭ আসনের প্রতিনিধি আবদুর রহমান সানীর সভাপতিত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, মিথ্যাচার ও বিশৃঙ্খলার রাজনীতি স্বৈরাচারী সরকার করে গেছে। কিন্তু বর্তমান সময়ের রাজনীতিবিদরা জনগণের কাছে উন্নয়নের অঙ্গীকার করেছেন। তাই হঠকারিতা ও বিভ্রান্তির রাজনীতি বাদ দিয়ে মানুষের কল্যাণে বাস্তবমুখী পরিকল্পনা তুলে ধরা উচিত। রাস্তায় দাঁড়িয়ে ভাঙচুর করার রাজনীতি জনগণ আর সমর্থন করে না।
একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের তীব্র সমালোচনা করে তারেক রহমান বলেন, তারা ১৯৭১ সালে ভুল করেছে, ১৯৮৬ সালে ভুল করেছে, ১৯৯৬ সালেও ভুল করেছে এবং বর্তমানে ২০২৬ সালেও মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। উস্কানির রাজনীতি পরিহার করে মানুষের উপকারের কোনো পরিকল্পনা থাকলে তা সংসদে বা জনগণের সামনে উপস্থাপনের পরামর্শ দেন তিনি। সরকার সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করতে প্রস্তুত বলেও জানান তিনি।
দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করে সরকারপ্রধান বলেন, প্রিয় মাতৃভূমিকে পৃথিবীর বুকে এগিয়ে নিতে হলে দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে, শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে। দেশের বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে অন্য কোনো রাজনৈতিক দলের কাছে সরকারের চেয়ে ভালো পরিকল্পনা থাকলে তা সানন্দে গ্রহণ ও বাস্তবায়ন করা হবে বলে তিনি উল্লেখ করেন। তবে কেবল জনগণকে বিভ্রান্ত করতে অপপ্রচার চালালে তাদের জনগণের কাছেই ক্ষমা চাইতে হবে বলে সতর্ক করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জনগণকে ধৈর্য শেখানো এবং সঠিক পথ দেখানোই একজন রাজনীতিবিদের দায়িত্ব।
সমালোচকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ঢাকা-১৭ আসনে আমাদের প্রতিনিধিরা জনগণের সেবায় কাজ করছেন। পাশের একটি লেক পরিষ্কার করতে যেখানে ছয় মাস সময় লেগে যায়, সেখানে সমালোচনা করা খুবই সহজ কিন্তু কাজ করা কঠিন। তাই যারা কেবল সমালোচনাতেই ব্যস্ত আছেন, তাদের মাঠে নেমে দেশের ও মানুষের জন্য কাজ করার এবং দেশে বিশৃঙ্খলা তৈরি হয় এমন বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, একটি রাজনৈতিক দলের নেতারা ৭১ সালে ভুল করেছে, ৮৬ সালে ভুল করেছে, ৯৬ সালে ভুল করেছে, আবার ২০২৬ সালেও মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাদের বলবো, এসব উস্কানির রাজনীতি থেকে বেরিয়ে আসুন। মানুষের উপকারের পরিকল্পনা থাকলে সংসদে উপস্থাপন করুন। জনগণের সামনে তুলে ধরুন। আমরা সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করবো।
আপনার মতামত লিখুন :