
ফল আমদানির ক্ষেত্রে শতভাগ নগদ মার্জিন সংরক্ষণের যে বাধ্যবাধকতা ছিল, তা প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে আমদানিকারক ও সংশ্লিষ্ট ব্যাংকের মধ্যে সম্পর্কের ভিত্তিতে ফল আমদানির জন্য ঋণপত্র বা এলসি খোলার ক্ষেত্রে নগদ মার্জিনের হার নির্ধারণ করা যাবে।
রবিবার (১৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো নির্দেশনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। নতুন এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতার সময় মুদ্রা ও ঋণ ব্যবস্থাপনা সংহত করতে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর বিভিন্ন বিলাসজাতীয় পণ্য এবং অভ্যন্তরীণভাবে উৎপাদিত বিকল্প পণ্যের আমদানিতে ১০০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছিল, যার তালিকায় ফলও অন্তর্ভুক্ত ছিল।
বর্তমানে বৈদেশিক মুদ্রার বিনিময় হার ও লেনদেনে স্থিতিশীলতা ফিরে আসায় এই বিধিনিষেধের প্রয়োজনীয়তা কমেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। জনস্বাস্থ্য ও পুষ্টির চাহিদা মেটানো, ফল আমদানি সহজ করা এবং বাজারে প্রতিযোগিতামূলক সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সার্কুলারে উল্লেখ করা হয়েছে যে, ২০২৪ সালের পূর্বের সার্কুলার লেটার ও সংশ্লিষ্ট অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
আপনার মতামত লিখুন :