Facebook Twitter Instagram YouTube

মেলানিয়া ট্রাম্পের অনুপস্থিতি ও নাটালি হার্পের ঘনিষ্ঠতা নিয়ে বাড়ছে গুঞ্জন


প্রকাশের সময় : আগস্ট ১৯, ২০২৬, ৫:১২ অপরাহ্ণ /
মেলানিয়া ট্রাম্পের অনুপস্থিতি ও নাটালি হার্পের ঘনিষ্ঠতা নিয়ে বাড়ছে গুঞ্জন

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে বেশ কয়েক সপ্তাহ ধরে জনসমক্ষে দেখা যাচ্ছে না। সাম্প্রতিক সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে তাঁকে দেখা যায়নি। গত ২৮ জুলাই প্রয়াত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্য, এর চার দিন আগে হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনার এবং ২২ জুলাই মধ্যপ্রাচ্যে নিহত চার সেনাসদস্যের মরদেহ গ্রহণের অনুষ্ঠানেও মেলানিয়া অনুপস্থিত ছিলেন। এনবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, মেলানিয়াকে সর্বশেষ গত ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের ফাইনাল খেলা উপভোগ করতে দেখা গিয়েছিল।

নিউজউইকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত মেলানিয়া মোট ৩৪টি অনুষ্ঠানে জনসমক্ষে উপস্থিত হয়েছেন। অন্যদিকে দ্য ডেইলি বিস্টের হিসাব বলছে, এ বছর তিনি ৩৮ দিন জনসমক্ষে এসেছেন, অর্থাৎ গড়ে প্রতি ছয় দিনে একবার। ট্রাম্পের প্রথম মেয়াদের তুলনায় এই সংখ্যা প্রায় অর্ধেক। ফার্স্ট লেডির একজন জ্যেষ্ঠ উপদেষ্টা জানিয়েছেন, মেলানিয়া জনসমক্ষে উপস্থিত হওয়ার চেয়ে কাজের ফলাফলকে বেশি গুরুত্ব দেন। বর্তমানে তিনি বেশির ভাগ সময় ফ্লোরিডা ও নিউ ইয়র্কে কাটান, যেখানে তাঁর ছেলে ব্যারন ট্রাম্প পড়াশোনা করছেন। এর আগেও তিনি দীর্ঘ সময় জনসমক্ষে অনুপস্থিত থেকেছেন, যার মধ্যে গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে প্রায় এক মাস তাঁকে দেখা যায়নি।

মেলানিয়ার এই দীর্ঘ অনুপস্থিতির সময়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সহযোগী ৩৫ বছর বয়সী নাটালি হার্পকে প্রায় সব সময় প্রেসিডেন্টের পাশে দেখা যাচ্ছে, যা নিয়ে গণমাধ্যমে গুঞ্জন তৈরি হয়েছে। গত জুলাই মাসে তুরস্কের ন্যাটোর শীর্ষ সম্মেলন শেষে ট্রাম্প যখন গোপনে সামরিক উড়োজাহাজে করে আঙ্কারা ছেড়েছিলেন, তখন যে ছোট কর্মকর্তাদের দলটি তাঁর সঙ্গী ছিল, তাদের মধ্যে হার্প ছিলেন। অথচ এয়ারফোর্স ওয়ানে থাকা বেশির ভাগ সফরসঙ্গী বা সাংবাদিকরা জানতেন না যে ইরানের হামলার আশঙ্কায় ট্রাম্প উড়োজাহাজ পরিবর্তন করেছেন।

নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক ম্যাগি হ্যাবারম্যান ও জোনাথন সোয়ানের মতে, ট্রাম্প হার্পকে তাঁর অন্যতম বিশ্বস্ত সহযোগী মনে করেন। হার্প ট্রাম্পের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট পরিচালনায় সহায়তা করেন এবং ১১ ও ১৬ আগস্ট মেরিন ওয়ান হেলিকপ্টারেও প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন। এ ছাড়া মে মাসে চীন সফরেও তিনি ট্রাম্পের সঙ্গী ছিলেন, যেখানে মেলানিয়া যাননি। হার্পের আনুগত্যের বিষয়ে হোয়াইট হাউসের এক মুখপাত্র জানিয়েছেন, ট্রাম্প তাঁর কর্মী ও প্রশাসনের কর্মকর্তাদের কাছ থেকে যে আনুগত্য অর্জন করেছেন, তা বিরল। হার্পের ভাই অবশ্য প্রেসিডেন্টের সঙ্গে তাঁর বোনের সম্পর্ককে ‘অস্বাস্থ্যকর’ বলে মন্তব্য করেছেন, তবে হার্পের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নেই। হার্প বিভিন্ন সময় ট্রাম্পকে উৎসাহ দেওয়ার জন্য ব্যক্তিগত নোটে লিখেছেন, ‘আপনিই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo