Facebook Twitter Instagram YouTube

দিনাজপুরে নদীতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য ৪ সহপাঠী আটক


প্রকাশের সময় : আগস্ট ২০, ২০২৬, ৬:০৪ অপরাহ্ণ /
দিনাজপুরে নদীতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য ৪ সহপাঠী আটক

দিনাজপুর শহরের পুনর্ভবা নদীতে গোসল করতে নেমে লিমন (১৬) নামের দশম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। সে শহরের সিপাহী পাড়ার লিটন ইলামের ছেলে এবং তফিউদ্দীন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য নিহতের চার সহপাঠীকে আটক করেছে দিনাজপুর কোতয়ালী থানা পুলিশ।

আটককৃতরা হলেন রুহুল আমিন খান (১৬), আতিকুর রহমান (১৬), আবির হোসেন (১৬) ও তাজনিম রহমান (১৭)। কোতয়ালী থানার এসআই সাহাদত হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে শহরের মাহুতপাড়ায় পুনর্ভবা নদীতে কয়েকজন শিক্ষার্থী গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে লিমন পানিতে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করে। পরে রংপুর থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযানে অংশ নেয়। নিখোঁজ হওয়ার পরদিন বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সদর উপজেলার উলিপুর এলাকায় নদীর পানিতে লিমনের মরদেহ ভেসে ওঠে।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। এসআই সাহাদত হোসেন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh