Facebook Twitter Instagram YouTube

বিয়ের জন্য চাপ দেওয়ায় গৃহবধূকে হত্যা, পেট্রল ঢেলে পোড়ানোর অভিযোগ


প্রকাশের সময় : আগস্ট ২০, ২০২৬, ৯:৩৩ অপরাহ্ণ /
বিয়ের জন্য চাপ দেওয়ায় গৃহবধূকে হত্যা, পেট্রল ঢেলে পোড়ানোর অভিযোগ

নওগাঁর ধামইরহাট উপজেলায় বিয়ের জন্য চাপ দেওয়ায় এক গৃহবধূকে (৪৫) শ্বাসরোধে হত্যার পর পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ধামইরহাট সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বাবুল হোসেন (৪৬) ও তার সহযোগী তারেক রহমানকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত ওই গৃহবধূর স্বামী ও সন্তান কুমিল্লায় বসবাস করেন। তিনি বাড়িতে গরু লালন-পালন করতেন এবং বাড়ি বাড়ি গিয়ে দুধ বিক্রি করতেন। দুধ বিক্রির সূত্রেই সাবেক ইউপি সদস্য বাবুল হোসেনের সঙ্গে তার পরিচয় এবং পরবর্তীতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের জন্য চাপ দেওয়ায় বাবুল তাকে বিয়ের আশ্বাস দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যান।

পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুরে বিয়ের আশ্বাসে বাড়ি থেকে বের হন ওই গৃহবধূ। বাবুল তার এক সহযোগীকে শাহপুর মোড়ে পাঠিয়ে গৃহবধূকে নিয়ে আসতে বলেন। রাত ১০টার দিকে আগ্রাদ্বিগুণ বাজারে বাবুল তার সঙ্গে দেখা করেন। এরপর মোটরসাইকেল ও অটোরিকশায় করে তালপুকুর মাহমুদপুর গ্রামের ভলকাডাঙ্গা মাঠের একটি আমবাগানে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে বাবুলের নির্দেশে তারেক ও অন্য এক সহযোগী গলায় বেল্ট পেঁচিয়ে ওই গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করেন। হত্যার পর আশপাশ থেকে খড়খুটো সংগ্রহ করে তার শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

গত মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ আগ্রাদ্বিগুণ ইউনিয়নের তালপুকুর মাহমুদপুর গ্রামের আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে মামলা করেছেন। তথ্যপ্রযুক্তি ও স্থানীয় তদন্তের মাধ্যমে পুলিশ বুধবার রাতে উপজেলার মড়ইল গ্রামে অভিযান চালিয়ে বাবুল হোসেনকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম। বর্তমানে এই হত্যার সঙ্গে জড়িত অন্য দুই সহযোগীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo