Facebook Twitter Instagram YouTube

মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আন্তরিক অভিনন্দন


প্রকাশের সময় : আগস্ট ২১, ২০২৬, ১১:০৩ অপরাহ্ণ /
মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আন্তরিক অভিনন্দন

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শুক্রবার এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।

শুভেচ্ছা বার্তায় ভারতের রাষ্ট্রপতি উল্লেখ করেন, বাংলাদেশের জনগণের সেবায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ জনজীবন ও রাজনৈতিক নেতৃত্বের অভিজ্ঞতা একটি সফল মেয়াদের সূচনা করবে বলে তিনি বিশ্বাস করেন।

দ্রৌপদী মুর্মু বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক অভিন্ন ত্যাগের ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন এবং গভীর বন্ধুত্বের ওপর প্রতিষ্ঠিত। সাম্প্রতিক সময়ে জ্বালানি, প্রযুক্তি, যোগাযোগ, যুববিষয়ক কার্যক্রম, স্বাস্থ্য ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারিত হয়েছে।

দুই প্রতিবেশী দেশের অংশীদারিকে আরও শক্তিশালী করতে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি। একই সঙ্গে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও সুখ কামনা করেছেন এবং বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh