Facebook Twitter Instagram YouTube

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি হিসেবে সেরা পছন্দ মনে করেন অর্থমন্ত্রী


প্রকাশের সময় : আগস্ট ২০, ২০২৬, ১০:০৩ অপরাহ্ণ /
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি হিসেবে সেরা পছন্দ মনে করেন অর্থমন্ত্রী

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘আপাদমস্তক একজন রাজনৈতিক ব্যক্তিত্ব’ হিসেবে আখ্যায়িত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকালে জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী ঘোষণার পর সংসদ ভবনের মূল ফটকে সাংবাদিকদের কাছে তিনি নিজের এই অভিমত ব্যক্ত করেন। অর্থমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি পদের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চেয়ে ভালো পছন্দ আর হতে পারে না।

মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা স্মরণ করে আমির খসরু বলেন, তিনি দীর্ঘ সংগ্রাম অতিক্রম করে, জেল-জুলুম সহ্য করে এবং স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন। গণতান্ত্রিক বাংলাদেশ ফিরে পাওয়ার যে আন্দোলন ও সংগ্রাম, তাতে তার ভূমিকা ছিল অগ্রভাগে। তিনি একজন সৎ ও যোগ্য মানুষ। এমন একজন ব্যক্তিত্ব রাষ্ট্রপতির চেয়ার অলংকৃত করতে যাচ্ছেন বলে তিনি আনন্দ প্রকাশ করেন।

দীর্ঘদিন পর দেশে সত্যিকারের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে শেষ কবে সত্যিকার অর্থে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিল, আমার মনে হয় জনগণ তা ভুলেই গেছে। একটি নির্বাচিত সংসদে রাষ্ট্রপতি নির্বাচন হওয়া আমাদের জন্য বড় প্রাপ্তি। এই গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, জনগণ যে ত্যাগের বিনিময়ে গণতন্ত্র ফিরে পেয়েছে, তা ধরে রাখতে হবে। প্রধানমন্ত্রী যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন, সবাই মিলে সেই বাংলাদেশ গড়তে পারব।

নতুন রাষ্ট্রপতির কাছে প্রত্যাশা সম্পর্কে জানতে চাইলে আমির খসরু বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্রের ‘টর্চ বিয়ারার’ হিসেবে আসছেন। গণতন্ত্র যাতে অব্যাহত থাকে এবং বিগত দিনের মতো তিনি যাতে সেই ভূমিকা পালন করেন, সেটিই প্রত্যাশা। উল্লেখ্য, জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor