
মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব পালনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নির্ধারিত রাষ্ট্রীয় কর্মসূচি অনুযায়ী তিনি জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান। সেখানে পৌঁছে তিনি প্রথমে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল তাকে রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে।
শ্রদ্ধা নিবেদন শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে সংরক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। এছাড়া শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল তার প্রথম আনুষ্ঠানিক রাষ্ট্রীয় কর্মসূচি।
আপনার মতামত লিখুন :