Facebook Twitter Instagram YouTube

যশোরে সংকটাপন্ন মায়ের জীবন বাঁচাতে রক্ত দিলেন আনসার সদস্য


প্রকাশের সময় : আগস্ট ২৮, ২০২৬, ৮:০২ অপরাহ্ণ /
যশোরে সংকটাপন্ন মায়ের জীবন বাঁচাতে রক্ত দিলেন আনসার সদস্য

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে এগিয়ে এলেন অঙ্গীভূত আনসার সদস্য মো. আরিফুল ইসলাম। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে মোছা. খাদিজা খাতুন নামের ওই রোগীকে অতিরিক্ত রক্তক্ষরণজনিত সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

রোগীর স্বজনরা জানান, আকস্মিক শারীরিক জটিলতায় খাদিজা খাতুনের চার মাসের গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। এর ফলে তাঁর প্রচুর রক্তক্ষরণ শুরু হলে শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। চিকিৎসকরা রোগীর জীবন রক্ষার্থে দ্রুত রক্ত দেওয়ার পরামর্শ দেন। হাসপাতাল প্রাঙ্গণে স্বজনরা রক্ত সংগ্রহের চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় পড়েন।

ঠিক সেই মুহূর্তে যশোর সদর ইউএনও গার্ডে কর্মরত আনসার সদস্য মো. আরিফুল ইসলাম বিষয়টি জানতে পারেন। কোনো ধরনের পূর্বপরিচয় বা ব্যক্তিগত স্বার্থ ছাড়াই তিনি স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন। তাঁর দেওয়া রক্তে রোগীর চিকিৎসা কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চালিয়ে নেওয়া সম্ভব হয়।

রোগীর স্বামী মো. সুলতান হোসেন এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সংকটের মুহূর্তে যখন রক্তের ব্যবস্থা করা কঠিন হয়ে পড়েছিল, তখন একজন আনসার সদস্য কোনো পূর্বপরিচয় ছাড়াই এগিয়ে এসে রক্ত দিয়েছেন। তাঁর প্রতি আমরা গভীরভাবে কৃতজ্ঞ।

আরিফুল ইসলামের এই উদ্যোগ সংকটময় মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোর মানবিক দায়িত্ববোধ ও কর্তব্যনিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হচ্ছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি নিয়মিতভাবে দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে অংশ নিয়ে আসছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh