Facebook Twitter Instagram YouTube

হরমুজ প্রণালি চালুর শর্ত নিয়ে ইরানের নতুন অবস্থান


প্রকাশের সময় : আগস্ট ২৮, ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ /
হরমুজ প্রণালি চালুর শর্ত নিয়ে ইরানের নতুন অবস্থান

হরমুজ প্রণালি পুনরায় সচল করার লক্ষ্যে মধ্যস্থতাকারী দেশগুলোর কাছে খুব দ্রুতই শর্তের তালিকা জমা দিতে যাচ্ছে ইরান। দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মহসেন রেজাই এ তথ্য জানিয়েছেন। বর্তমানে কাতার, ওমান ও পাকিস্তানের প্রতিনিধিরা তেহরান সফর করছেন এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পুনরায় আলোচনার পরিবেশ তৈরির চেষ্টা চালাচ্ছেন।

আলোচনার টেবিলে সাময়িকভাবে জাহাজ চলাচলের একটি পথ খুলে দেওয়া এবং মাইন অপসারণের মতো যৌথ উদ্যোগের বিষয়গুলো উঠে এসেছে। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি তাদের দাবিগুলো মেনে নেয় তবেই কেবল প্রণালিটি উন্মুক্ত করা হবে। তেহরানের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—ইরানি বন্দরগুলোর ওপর থেকে মার্কিন অবরোধ প্রত্যাহার করা, যুদ্ধের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ প্রদান এবং সমস্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাতিল করা।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, এই নৌপথটি বর্তমানে উন্মুক্ত রয়েছে এবং সেখান দিয়ে নিয়মিত তেলবাহী জাহাজ চলাচল করছে। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, ইরানের সঙ্গে নতুন করে আলোচনায় বসার জন্য যুক্তরাষ্ট্রের কোনো তাড়াহুড়ো নেই এবং আপাতত তাদের ওপর আরোপ করা অবরোধ বহাল থাকবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor