Facebook Twitter Instagram YouTube

আনোয়ারায় প্রশাসন ও পুলিশের বিরুদ্ধে এনসিপি নেতার কঠোর হুঁশিয়ারি


প্রকাশের সময় : আগস্ট ৬, ২০২৬, ৮:৩২ অপরাহ্ণ /
আনোয়ারায় প্রশাসন ও পুলিশের বিরুদ্ধে এনসিপি নেতার কঠোর হুঁশিয়ারি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা প্রশাসন এখনো স্বজনপ্রীতি করছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জোবাইরুল আলম। বুধবার বিকেল পাঁচটার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী টানেল মোড়ে ১১-দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক গণসমাবেশে তিনি এ কথা বলেন। জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর উপলক্ষে গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি আবদুল গনির সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আবুল হাসানের সঞ্চালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে ১১-দলীয় ঐক্যের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে জোবাইরুল আলম প্রশাসন ও পুলিশের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, ‘আমরা ইউএনওকে প্রশ্ন করতে চাই, ওসিকে প্রশ্ন করতে চাই; আপনারা কি ৩৬ জুলাই দেখেন নাই? তখন কীভাবে বিক্ষুব্ধ ছাত্র-জনতা থানাগুলোকে জ্বালিয়ে দিয়েছিল? আপনারা কি তখন দেখেন নাই, জনগণের টাকায় চলা এই পুলিশকে আমরা পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছিলাম…?’ তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থান কেন হয়েছিল তা আমাদের মনে রাখতে হবে। সেই সময় রাষ্ট্রীয় প্রশাসনের পুলিশসহ কেউই প্রশাসনের পোশাক পরে ছিল না, সবাই আওয়ামী লীগ ও ছাত্রলীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। উপজেলা ও থানা প্রশাসনে বিরোধী দলের কেউ ঢুকতে পারতো না বলেও তিনি মন্তব্য করেন।

জোবাইরুল আলম আরও অভিযোগ করেন, ‘আমরা যখন বিরোধী দল থেকে ইউএনওকে কিছু বলতে চাই, কোনো প্রশাসনিক কর্মকর্তাকে কিছু বলতে যাই, তখন তারা বলে, আপনারা এমপি সাহেবের সঙ্গে কথা বলুন। আমরা এখনো দেখি, আনোয়ারা উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, তারা দলীয় স্বজনপ্রীতি করতেছে। আমরা এখনো দেখতেছি, এমপির নির্দেশনা ছাড়া কোনো একটা ফাইল উপজেলা প্রশাসনে নড়ে না।’ তিনি দাবি করেন, সরকারি সহায়তাগুলো বিভিন্ন বিএনপি নেতাদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা হয়ে যাচ্ছে এবং ফ্যামিলি কার্ডের নামে নিয়োগের ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থী ও তরুণদের বলা হচ্ছে, ‘এমপি থেকে সুপারিশ নিয়ে আসেন।’

প্রশাসনের উদ্দেশে এনসিপি নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আপনারা আবার যদি আওয়ামী লীগ হয়ে উঠতে চান, আমরা যেমন আওয়ামী লীগকে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় ফিরতে দেব না, কাউকে আওয়ামী লীগ হয়ে উঠতেও দেব না, ইনশা আল্লাহ।’ তিনি আরও বলেন, ‘আবার যদি কেউ মাফিয়া হয়ে উঠতে চায় তাদের বলব, এখন আমরাই হচ্ছি বড় মাফিয়া।’

এই সমাবেশের একটি ৩ মিনিট ৫৪ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা জোবাইরুল আলম নিজেও তার ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন। পরবর্তীতে প্রথম আলোর সঙ্গে আলাপকালে জোবাইরুল আলম বলেন, ভিডিওতে তার পুরো বক্তব্য আসেনি। তিনি বলেন, ‘আমরা চাই না, জনগণের যে ক্ষোভ আছে, সেটা আরও বাড়ুক। জুলাই আন্দোলনের সময় যেমন পরিস্থিতি হয়েছিল, আমরা চাই না, আবার প্রশাসনের সঙ্গে সে রকম মুখোমুখি অবস্থা তৈরি হোক। বক্তব্যে এটাই বুঝিয়েছিলাম। আমরা চাই, একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ হোক।’

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo