
খালেদা জিয়াকে সমাবেশে যোগ দিতে বাধা দেওয়া, রাস্তা অবরোধ এবং পেপার স্প্রে ব্যবহারের অভিযোগে দায়ের করা একটি মামলায় সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৬ আগস্ট) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এ আদেশ দেন।
এর আগে, গত মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জগলুল পাশাকে গ্রেপ্তার করে। পরদিন বুধবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলার তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড আবেদন জানানো হয়। সে সময় আদালত তাকে কারাগারে পাঠিয়ে বৃহস্পতিবার রিমান্ড শুনানির দিন ধার্য করেছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৮ ডিসেম্বর গুলশানে খালেদা জিয়ার বাসভবনের সামনে জগলুল পাশাসহ এজাহারভুক্ত ১১১ জন এবং অজ্ঞাত আরও ২৫০ থেকে ৩০০ জন অবস্থান নেন। অভিযোগ অনুযায়ী, তারা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মারধর, রাস্তা অবরোধ এবং অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড চালিয়ে সমাবেশে যাওয়ার পথ রুদ্ধ করেন।
পরদিন ২৯ ডিসেম্বর সকালে খালেদা জিয়া সমাবেশে যাওয়ার প্রস্তুতি নিলে বালুভর্তি ট্রাকসহ বিভিন্ন যানবাহন দিয়ে রাস্তা ব্যারিকেড দেওয়া হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, একাধিকবার বের হওয়ার চেষ্টা করলেও তাকে বাধা দেওয়া হয় এবং নিষিদ্ধ পেপার স্প্রে ব্যবহার করা হয়। এতে খালেদা জিয়াসহ তার সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী আহত হন। এই ঘটনায় ২০২৪ সালের ৪ অক্টোবর গুলশান থানায় মামলাটি দায়ের করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লতিফ হল শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম শাওন। মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারার পাশাপাশি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(১)(বি) ধারায় অভিযোগ আনা হয়েছে।
আপনার মতামত লিখুন :