Facebook Twitter Instagram YouTube

তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানি মন্ত্রী


প্রকাশের সময় : আগস্ট ৬, ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ /
তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানি মন্ত্রী

যান্ত্রিক ত্রুটি মেরামতের পর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বৃহস্পতিবার বিকাল থেকে আবারও গ্যাস সরবরাহ শুরু করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি আশা প্রকাশ করেছেন যে, এর ফলে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেশের গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই তথ্য জানান।

ইকবাল হাসান মাহমুদ বলেন, এফএসআরইউ থেকে গ্যাস সঞ্চালন শুরু হলে ধীরে ধীরে পাইপলাইনের চাপ স্বাভাবিক হবে। বর্তমানে যেসব এলাকায় গ্যাসের চাপ কমে গেছে, সেগুলোও পর্যায়ক্রমে আগের অবস্থায় ফিরে আসবে। টার্মিনালটি বন্ধ হওয়ার আগে যে পরিস্থিতি ছিল, সেটিই পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদনে যে প্রভাব পড়েছে তা স্বীকার করে মন্ত্রী বলেন, গ্যাস না থাকলে গ্রাহকরা যেমন সমস্যায় পড়েন, তেমনি গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোও উৎপাদন চালাতে পারে না। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে বন্ধ থাকা বিদ্যুৎকেন্দ্রগুলো আবার চালু করা হবে। বিদ্যুৎ ও গ্যাস খাত নিয়ে সমালোচনার বিষয়ে তিনি বলেন, সাম্প্রতিক সমস্যাগুলো মানুষের নিয়ন্ত্রণের বাইরের পরিস্থিতির কারণে হয়েছে।

বিদ্যুতের ভূতুড়ে বিলের অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, অভিযোগকারীদের বিল যাচাইয়ের জন্য জমা দিতে বলা হলেও অনেকেই তা করেন না। তিনি জানান, জুন থেকে বিদ্যুতের দাম সমন্বয় করা হয়েছে এবং মার্চের তুলনায় জুন মাসে গরমও কম ছিল। একটি নির্দিষ্ট অভিযোগের উদাহরণ টেনে তিনি বলেন, তদন্তে দেখা গেছে গ্রাহকের বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ বিবেচনায় বিল অস্বাভাবিক ছিল না।

ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠকের বিষয়ে মন্ত্রী জানান, এটি ছিল একটি নিয়মিত বৈঠক, যেখানে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে বলেও তিনি জানান। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin