Facebook Twitter Instagram YouTube

বিশ্বকাপ ফাইনাল পুনরায় খেলার দাবিতে ৬২ হাজার সই সংগ্রহ


প্রকাশের সময় : জুলাই ২৩, ২০২৬, ১:৩৪ অপরাহ্ণ /
বিশ্বকাপ ফাইনাল পুনরায় খেলার দাবিতে ৬২ হাজার সই সংগ্রহ

নিউ জার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর ম্যাচটি পুনরায় আয়োজনের দাবি তুলেছেন আর্জেন্টিনার সমর্থকরা। গিজেলা সানচেজ নামে এক সমর্থক অনলাইন প্ল্যাটফর্ম চেঞ্জ ডট অর্গে এই আবেদনটি চালু করেছেন। গত রোববার রাতে অনুষ্ঠিত ওই ম্যাচে স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। পিটিশনকারীর দাবি, রেফারির বিতর্কিত সিদ্ধান্তগুলো ম্যাচের ফলে প্রভাব ফেলেছে। যদিও কোনো সুনির্দিষ্ট বা যাচাইযোগ্য প্রমাণ ছাড়াই ফিফার প্রতি এই অনিয়মের অভিযোগ এনে সুষ্ঠু পর্যালোচনার আহ্বান জানানো হয়েছে। এই প্রচারণায় এখন পর্যন্ত প্রায় ৬২ হাজার মানুষ সই করেছেন।

তবে ফিফার নিয়ম অনুযায়ী, এই ধরনের অনলাইন পিটিশনের কোনো আইনগত বা প্রাতিষ্ঠানিক ভিত্তি নেই। ফলে ফিফা কোনো অফিশিয়াল টুর্নামেন্টের ফলাফল পরিবর্তন করতে বাধ্য নয়। ক্রীড়া বিধিমালার বিশেষ ধারা বা কর্তৃপক্ষের নিজস্ব সিদ্ধান্ত ছাড়া কোনো ম্যাচ পুনরায় আয়োজনের সুযোগ নেই।

এর আগেও বিশ্বকাপ চলাকালে একই ধরনের উদ্যোগ দেখা গিয়েছিল। স্পেনের বিপক্ষে সেমিফাইনালে পেনাল্টির আগে একটি ট্যাকল নিয়ে বিতর্ক সৃষ্টি হলে ম্যাচটি পুনরায় খেলার দাবিতে ফ্রান্সে একটি অনলাইন পিটিশন চালু করা হয়েছিল। সেই আবেদনের পক্ষে ৮২ হাজারের বেশি সই সংগ্রহ করা হলেও টুর্নামেন্টের ফলে তার কোনো প্রভাব পড়েনি।

ফাইনালে ফেরান তোরেসের গোলে স্পেন ১৬ বছর পর শিরোপা জিতেছিল। ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি রেফারিং নিয়ে বলেন, ‘রেফারিং কি অন্যায্য ছিল? না, একদমই না। আমরা হেরেছি কারণ ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে। সেটা স্বীকার করতেই হবে।’

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo