
অস্ট্রেলিয়ার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করার পর দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। সিরিজ শেষে বর্তমানে লাল-সবুজের প্রতিনিধিরা কয়েক দিনের বিশ্রামের সুযোগ পাচ্ছেন। চলতি সেপ্টেম্বরে ভারতীয় দল বাংলাদেশ সফরে না আসায়, এই সময়টা শান্ত, লিটন ও মিরাজরা নিজেদের স্কিল ও ফিটনেস নিয়ে কাজ করার কাজে ব্যয় করবেন।
তবে অক্টোবরের শুরু থেকেই বাংলাদেশ দলের মাঠের ব্যস্ততা আবারও বাড়বে। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলার কথা রয়েছে শান্তদের। সেখানে একটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা জানিয়েছেন, আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজের সঙ্গে জিম্বাবুয়েকে যুক্ত করে একটি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজনের পরিকল্পনাও চলছে। জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) যদি এতে রাজি হয়, তবে ম্যাচের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে আয়োজকরা জিম্বাবুয়ের পক্ষ থেকে ইতিবাচক সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।
আপনার মতামত লিখুন :