Facebook Twitter Instagram YouTube

২৭ বছর পর গ্রেপ্তার এরশাদ শিকদারের সহযোগী জয়নাল


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৬, ৫:৪০ অপরাহ্ণ / ০
২৭ বছর পর গ্রেপ্তার এরশাদ শিকদারের সহযোগী জয়নাল

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘ ২৭ বছর ধরে আত্মগোপনে থাকা জয়নাল সরকারকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। তিনি খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের অন্যতম সহযোগী এবং একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। শনিবার দিবাগত রাত ১১টার দিকে সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় এসআরবি-৬ এর একটি দল এই অভিযান পরিচালনা করে।

এসআরবি-৬ এর অধিনায়ক নিস্তার আহমেদ জানিয়েছেন, জয়নাল সরদার বরিশাল জেলার গৌরনদী থানার বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। ১৯৯৯ সালে খুলনার রূপসা থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

এছাড়াও লাশ গুমের অপরাধে জয়নাল সরদারকে পৃথকভাবে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin