
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ আসামিকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। রবিবার দুপুরে হবিগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে তারা জামিনের আবেদন জানান। শুনানি শেষে আদালত মামলার মেডিকেল সার্টিফিকেট দাখিল না হওয়া পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করেন।
এর আগে গত ২৮ জুলাই হবিগঞ্জ শহরের টাউন হল এলাকায় এনসিপির পদযাত্রা শেষে সার্কিট হাউসের উদ্দেশে যাওয়ার পথে কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। হামলায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীসহ দলের কয়েকজন নেতাকর্মী এবং কয়েকজন গণমাধ্যমকর্মী আহত হন বলে অভিযোগ করা হয়।
ঘটনার পর ২৯ জুলাই হবিগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহের জুয়েল বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন। পুলিশ অভিযোগটি যাচাই-বাছাই শেষে ৩০ জুলাই মামলাটি রুজু করে।
আপনার মতামত লিখুন :