Facebook Twitter Instagram YouTube

বান্দরবানে পর্যটনকেন্দ্র বন্ধের সময়সীমা ১৫ জুলাই পর্যন্ত বাড়ল


প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৬, ৬:১৫ পূর্বাহ্ণ /
বান্দরবানে পর্যটনকেন্দ্র বন্ধের সময়সীমা ১৫ জুলাই পর্যন্ত বাড়ল

বান্দরবান পার্বত্য জেলার সকল পর্যটনকেন্দ্র আগামী ১৫ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। শুক্রবার ১০ জুলাই জেলা প্রশাসকের কার্যালয়ের পর্যটন সেল থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে গত ৮ জুলাই জারি করা জরুরি গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতায় এই নিষেধাজ্ঞার মেয়াদ ১৫ জুলাই পর্যন্ত বাড়ানো হলো।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক টানা ভারী বর্ষণের ফলে জেলার বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পাহাড়ধস, আকস্মিক বন্যা এবং সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা থেকে পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, এই সময়ের মধ্যে জেলার সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে ট্যুর অপারেটর ও সাধারণ মানুষের ভ্রমণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। প্রশাসন সংশ্লিষ্ট সকলকে এই নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন ও প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে বিরূপ আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধও জানানো হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh