
মক্কা প্যাক্টে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার আনুষ্ঠানিক প্রস্তাব পেলে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।
রুমিন ফারহানা তার প্রশ্নে উল্লেখ করেন, গত ৭ আগস্ট সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান মিলে ‘মক্কা প্যাক্ট’ স্বাক্ষর করেছে। তিনি এই প্যাক্টে যুক্ত হলে বাংলাদেশ কী ধরনের সুবিধা পেতে পারে সে বিষয়ে জানতে চান। জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, প্যাক্টটি মূলত ওই তিনটি দেশের মধ্যে সম্পন্ন হয়েছে এবং বাংলাদেশ একে ইতিবাচক হিসেবেই দেখছে। তিনি স্পষ্ট করেন যে, এখন পর্যন্ত বাংলাদেশের যোগদানের বিষয়টি সামনে আসেনি, কারণ এটি মূলত চুক্তিভুক্ত সদস্যদেশগুলোর অভিপ্রায়ের ওপর নির্ভর করছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্যাক্টের সদস্যরা যদি বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করে, তবে সরকার নিশ্চিতভাবে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে। প্রস্তাব আসার আগে প্যাক্টের খুঁটিনাটি নিয়ে আলোচনার সময় এখনো আসেনি বলেও তিনি মন্তব্য করেন। তবে ভবিষ্যতে বিষয়টি বিবেচনায় নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।
পররাষ্ট্রমন্ত্রী আরও যোগ করেন, প্যাক্টটি যদি ভবিষ্যতে আরও বিস্তৃত হয়, তবে এটি বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা হয়ে উঠতে পারে। তিনি এটিকে মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয় হিসেবে অভিহিত করে বলেন, এ নিয়ে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কোনো সুযোগ নেই।
আপনার মতামত লিখুন :