
বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার সময় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। বিরোধী দলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে, শাহবাগ স্কয়ারে বক্তৃতা দেওয়া আর পার্লামেন্টে বক্তৃতা দেওয়া এক কথা নয়।
স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের পরপরই বিরোধী দলের সংসদ সদস্যরা তীব্র প্রতিবাদ জানাতে শুরু করেন। হাসনাত আব্দুল্লাহসহ বিরোধী দলের একাধিক সদস্যের করা প্রশ্নের উত্তরে এমন মন্তব্য করায় তারা ক্ষোভ প্রকাশ করেন। পরিস্থিতি সামলাতে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন যে, তিনি কাউকে উদ্দেশ্য করে এমন কিছু বলেননি।
তবে প্রতিবাদের মাত্রা বাড়তে থাকলে স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকার হাফিজ উদ্দীন আহমদের কাছে সহায়তা বা ‘শেল্টার’ প্রার্থনা করেন। স্পিকার তাদের শান্ত করতে ব্যর্থ হলে, শেষ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আই উইথড্র-আই উইথড্র, এবার আপনারা খুশি?’ এই বক্তব্যের মাধ্যমে তিনি তার আগের বিতর্কিত মন্তব্যটি প্রত্যাহার করে নেন।
আপনার মতামত লিখুন :