
পুলিশ বাহিনীর জনবল সংকট নিরসনে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকার নতুন করে ৪ হাজার এসআই (নিরস্ত্র), ৪০০ সার্জেন্ট এবং ১০ হাজার কনস্টেবল নিয়োগের উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে রংপুর-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমিনের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে পুলিশের জনবল বৃদ্ধির পাশাপাশি রংপুর জেলাসহ বিভিন্ন এলাকায় জনবল সংকট দূর হবে। এছাড়া আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে পুলিশের যানবাহন ও জলযানের ঘাটতি রাজস্ব বাজেটের মাধ্যমে পূরণ করার পরিকল্পনাও রয়েছে সরকারের।
এর আগে গত ১০ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় পুলিশের সাংগঠনিক কাঠামোর আওতায় গ্রেড-১০ (নিরস্ত্র) পদে ৪ হাজার এসআই নিয়োগের প্রস্তাবটি নিয়ে আলোচনা করা হয়। দায়িত্ব গ্রহণের পর থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশের জনবল সংকটের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন এবং নতুন নিয়োগের ওপর জোর দেন।
কনস্টেবল নিয়োগের বিষয়ে গত ২৬ ফেব্রুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি আরও জানান, অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়ার সঙ্গে সঙ্গেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
আপনার মতামত লিখুন :