Facebook Twitter Instagram YouTube

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ের শেষ সুযোগ বাংলাদেশের, আজ ফাইনাল


প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৬, ৭:৪২ পূর্বাহ্ণ /
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ের শেষ সুযোগ বাংলাদেশের, আজ ফাইনাল

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ও নির্ণায়ক ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। বুলাওয়েতে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায় শুরু হবে এই গুরুত্বপূর্ণ ম্যাচটি। সফরের শুরু থেকে পাওয়া ব্যর্থতা ভুলে সিরিজ জিতে শেষটা রাঙাতে চায় টাইগাররা, অন্যদিকে ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজও নিজেদের করে নিতে মরিয়া স্বাগতিকরা। বর্তমানে সিরিজে ১-১ সমতা বিরাজ করছে, যা আজকের ম্যাচকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।

জিম্বাবুয়ে সফরের স্মৃতি ভুলে থাকতে চাইবে বাংলাদেশ। একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ২-১ ব্যবধানে হারের ক্ষত নিয়ে টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি। প্রথম ম্যাচে জিম্বাবুয়ে দাপুটে জয় তুলে নিলেও, দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।

সিরিজে ফেরার ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন। উদ্বোধনীতে শত রানের জুটি গড়েন তারা। শেষ দিকে অলরাউন্ডার সাইফউদ্দিনের ১০ বলে অপরাজিত ৩১ রানের বিস্ফোরক ব্যাটিং সফরকারীদের বড় স্কোর গড়তে সাহায্য করে। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও উজ্জ্বল ছিল বাংলাদেশ, বিশেষ করে স্পিনাররা গত ম্যাচে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপকে নিয়ন্ত্রণ করেছেন। রিশাদ ও শেখ মেহেদী মিলেই জিম্বাবুয়ের ব্যাটারদের তছনছ করে দেন। সব মিলিয়ে সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশ এখন প্রবল আত্মবিশ্বাসী। তাওহিদ হৃদয়রা ২-১ ব্যবধানে সিরিজ জিতেই দেশে ফিরতে চাইছেন।

অন্যদিকে, গত ম্যাচে বুলাওয়ের উইকেটে জিম্বাবুয়ের পেসাররা তেমন ভালো কিছু করে দেখাতে পারেননি। তারা বাংলাদেশের ব্যাটারদের সেভাবে পরীক্ষা নিতে ব্যর্থ হন। এছাড়া তাদের ব্যাটিংও তেমন জমেনি। তবে সিরিজের শেষ ম্যাচে স্বাগতিকরা সর্বশক্তি দিয়ে খেলবে বলে জানিয়েছে। ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের টার্গেটে মাঠে নামবে সিকান্দার রাজারা। এখন দেখার বিষয়, জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের শেষটা সিরিজ জয়ের হাসি দিয়ে শেষ হবে নাকি সিকান্দার রাজাদের আধিপত্য ধরে রাখার গৌরব থাকবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh