Facebook Twitter Instagram YouTube

ছেলের পাশে থাকতে সিডনি গিয়ে ক্যান্সারে প্রাণ হারালেন বাংলাদেশি বাবা


প্রকাশের সময় : অক্টোবর ৪, ২০২৬, ৪:৪৬ অপরাহ্ণ / ০
ছেলের পাশে থাকতে সিডনি গিয়ে ক্যান্সারে প্রাণ হারালেন বাংলাদেশি বাবা

ক্যান্সার আক্রান্ত ছেলের পাশে দাঁড়াতে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার সিডনিতে গিয়েছিলেন বাবা মোস্তাফিজুর রহমান চৌধুরী (৬১)। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে সেখানে যাওয়ার মাত্র তিন মাসের মাথায় নিজেই লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে শেষনিশ্বাস ত্যাগ করেছেন তিনি। গত রোববার সকালে সিডনির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঢাকার মগবাজারের বাসিন্দা মোস্তাফিজুর রহমান চৌধুরী গত ২৭ জুন সিডনিতে পৌঁছান। তাঁর ৩০ বছর বয়সী ছেলে রাহিমুল বারি চৌধুরী ক্যান্সারে আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসাধীন। অসুস্থ সন্তানকে সাহস দিতে এবং চিকিৎসার কঠিন সময়ে তাঁর পাশে থাকতেই মূলত হাজার মাইল পাড়ি দিয়ে অস্ট্রেলিয়া ছুটে গিয়েছিলেন এই বাবা।

তবে সিডনিতে পৌঁছানোর কিছুদিন পরই মোস্তাফিজুর রহমান নিজেও অসুস্থ হয়ে পড়েন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তিনি লিভার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। এরপর ছেলের চিকিৎসার পাশাপাশি বাবারও জীবন বাঁচানোর লড়াই শুরু হয়। একই পরিবারে বাবা ও ছেলে—দুজনেরই ক্যান্সারের মতো মরণব্যাধির সঙ্গে এই লড়াইয়ে থমকে যায় পুরো পরিবারের স্বাভাবিক জীবন। শেষ পর্যন্ত লড়াইয়ে হেরে বিদায় নিলেন বাবা।

মোস্তাফিজুর রহমান চৌধুরীর এই আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন ও সিডনির প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের জানাজা আজ সোমবার বাদ জোহর সিডনির লাকেম্বা মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা সম্পন্ন হওয়ার পর কেম্পস ক্রিক মুসলিম কবরস্থানে তাঁকে দাফন করা হবে। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin