Facebook Twitter Instagram YouTube

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ হাজার নলকূপ, বিশুদ্ধ পানির তীব্র সংকট


প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ /
বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ হাজার নলকূপ, বিশুদ্ধ পানির তীব্র সংকট

চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় প্রায় ১০ হাজার নলকূপ ও তিন হাজারের বেশি টয়লেট ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে উপজেলার ছনুয়া, পুঁইছড়ী, শেখেরখীল, চাম্বল, গন্ডামারা, সরল, বাহারছড়া, জলদী, বৈলছড়ী, কাথারিয়া, কালীপুর, সাধনপুর, খানখানাবাদ ও পুকুরিয়া ইউনিয়নের অন্তত তিন লাখ মানুষ চরম বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন। নিরাপদ পানির অভাবে স্থানীয়রা বাধ্য হয়ে খাল, বিল ও ছড়ার পানি ব্যবহার করছেন, যা ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড ও হেপাটাইটিসের মতো পানিবাহিত রোগের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) প্রাথমিক তথ্যানুযায়ী, উপজেলার ১৪টি ইউনিয়নের ৮ হাজার ২৬টি নলকূপের মধ্যে ৪ হাজার ৫২৩টি সম্পূর্ণ এবং ৩ হাজার ৫০৩টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ২ হাজার ৪২৭টি টয়লেট ক্ষতিগ্রস্ত হওয়ার রেকর্ড পাওয়া গেছে। তবে স্থানীয়দের দাবি, প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিক তালিকার চেয়ে আরও বেশি। বন্যার পানিতে নলকূপের মুখ তলিয়ে গিয়ে দূষিত পানি ঢুকে পড়ায় অনেক নলকূপ থেকে এখন ঘোলা ও দুর্গন্ধযুক্ত পানি উঠছে, যা ব্যবহারের অনুপযোগী।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সঞ্জিত চন্দ্র সরকার জানান, দীর্ঘ সময় জলাবদ্ধতা থাকায় নলকূপগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। জনবল সংকটের কারণে সঠিক তথ্য সংগ্রহে সময় লাগলেও মাঠপর্যায়ে যাচাই-বাছাই চলমান রয়েছে এবং পর্যায়ক্রমে মেরামত ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পলাশ চন্দ্র দাস জানিয়েছেন, জরুরি ভিত্তিতে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে নিরাপদ পানি নিশ্চিত করতে কাজ চলছে।

এদিকে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানিয়েছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বিভিন্ন এলাকায় জরুরি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। এসব ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধের পাশাপাশি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ এবং স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শ দেওয়া হচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh