
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গুরুত্বপূর্ণ তৃতীয় বোর্ড সভা আজ বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিকেল ৪টায় মিরপুরে বিসিবি কার্যালয়ে শুরু হতে যাওয়া এই সভায় বেশ কয়েকজন পরিচালক সশরীরে ও অনলাইনে অংশ নেবেন। সভায় মোট ১৮টি এজেন্ডা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই এজেন্ডাগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো ওয়ানডে দলের অধিনায়কত্ব পরিবর্তন। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের তথ্য অনুযায়ী, মেহেদী হাসান মিরাজকে সরিয়ে লিটন কুমার দাসকে ওয়ানডে দলের অধিনায়ক করার সম্ভাবনা রয়েছে। আজকের এই বোর্ড সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
অধিনায়কত্ব ছাড়াও সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে পর্যালোচনা করা হবে। এর মধ্যে রয়েছে বর্তমান স্ট্যান্ডিং কমিটির কার্যক্রম, নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি এবং দেশের আট বিভাগে নারী কোচ নিয়োগের বিষয়টি। পাশাপাশি গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটিজ ও মেডিকেল বিভাগের বিভিন্ন কার্যক্রম এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও সিদ্ধান্ত আসতে পারে।
পূর্বাচল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণকাজের অগ্রগতি ও পরবর্তী পরিকল্পনাও সভার অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। এছাড়া সাবেক আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার সাইমন টোফেলকে ঘিরেও আলোচনা হওয়ার কথা রয়েছে।
আপনার মতামত লিখুন :