Facebook Twitter Instagram YouTube

ভৈরব পৌর নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে প্রাণনাশের হুমকি


প্রকাশের সময় : জুলাই ২০, ২০২৬, ৩:০০ অপরাহ্ণ /
ভৈরব পৌর নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে প্রাণনাশের হুমকি

কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুককে পার্সেলের মাধ্যমে সাদা কাফনের কাপড়, গোলাপ জল, আগরবাতি ও প্রাণনাশের হুমকি সংবলিত চিরকুট পাঠানোর ঘটনা ঘটেছে। এই ঘটনার পর থেকে তিনি এবং তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে ভৈরব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পুলিশ ও জিডি সূত্রে জানা যায়, গত রোববার (১৯ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়া এলাকার 'ফাতান হোমিও চিকিৎসালয়' ঠিকানায় এস.এ পরিবহনের মাধ্যমে এই পার্সেলটি পাঠানো হয়। প্রতিষ্ঠানটি ভুক্তভোগীর স্ত্রীর মালিকানাধীন। পার্সেলটিতে প্রেরক হিসেবে আশুগঞ্জের হরিদাস নাম ও একটি মোবাইল নম্বর উল্লেখ ছিল। প্রাপক হিসেবে পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুকের নাম ও তার ব্যক্তিগত মোবাইল নম্বর দেওয়া হয়।

ওই দিন দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় মো. ফারুকের ছেলে মুন্তাসির মাহমুদ ঈশান দুপুর সোয়া ১২টার দিকে পার্সেলটি গ্রহণ করেন। পরে বাসায় নিয়ে বাক্সটি খোলার পর এর ভেতর থেকে এক গজ সাদা কাফনের কাপড়, একটি গোলাপ জলের বোতল, একটি আগরবাতির প্যাকেট এবং একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে লেখা ছিল, 'আপনি আগামী এক মাসের মধ্যে ভৈরব ছেড়ে দিন। না হলে আপনার পরিণতি ভয়ংকর হবে।'

পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুক জানান, তিনি চার বছরেরও বেশি সময় ধরে সততা, নিষ্ঠা ও সরকারি বিধি-বিধান মেনে ভৈরব পৌরসভায় দায়িত্ব পালন করছেন। কোনো অনিয়ম, দুর্নীতি বা বিধিবহির্ভূত আবদারকে তিনি কখনো প্রশ্রয় দেননি এবং সরকারি নিয়ম রক্ষায় সবসময় কঠোর অবস্থানে থেকেছেন। তার ধারণা, এই আপসহীন অবস্থানের কারণেই কোনো স্বার্থান্বেষী মহল বা অপরাধী চক্র ক্ষুব্ধ হয়ে এ ধরনের ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন, একজন সরকারি কর্মকর্তাকে কাফনের কাপড় ও মৃত্যুর হুমকি পাঠানোর ঘটনাটি তাকে এবং তার পুরো পরিবারকে চরম মানসিক আতঙ্কের মধ্যে ফেলেছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিমন বোস জানিয়েছেন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুকের অভিযোগের ভিত্তিতে একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পার্সেলটি কোথা থেকে এবং কারা পাঠিয়েছে, তা শনাক্তে পুলিশ কাজ করছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh