
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যমে ভোলাকে স্থলপথে যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুরে ঢাকা-ইলিশা ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ভোলার সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে নৌপথের ওপর নির্ভর করতে হচ্ছে। এই সমস্যার স্থায়ী সমাধানের অংশ হিসেবে সড়ক ও সেতু নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে এই উদ্যোগ বাস্তবায়নের আগ পর্যন্ত মানুষের যাতায়াত সুবিধা বাড়াতে ফেরি সার্ভিস চালু রাখা হবে। গত ২৭ আগস্ট থেকে কাঁচপুর-ইলিশা নৌপথে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে ‘বেগম সুফিয়া কামাল’ ও ‘বেগম রোকেয়া’ নামের দুটি ফেরি প্রতিদিন চলাচল করছে এবং এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে প্রায় আট ঘণ্টা সময় লাগছে।
যাত্রীদের ব্যাপক সাড়া ও আগ্রহের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, এই রুটে ফেরির সংখ্যা বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে ভাড়া যৌক্তিক করা, যাত্রীসেবা বাড়ানো এবং ফেরিঘাটে শৃঙ্খলা নিশ্চিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া এবং বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ টি এম আব্দুল বারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নৌপরিবহন মন্ত্রী আরও বলেন, ঢাকার চক্রাকার নৌপথ ও ওয়াটার বাস সার্ভিসকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়সূচি, আরামদায়ক পরিবেশ এবং নৌপথের সঙ্গে সড়ক যোগাযোগের সমন্বয় করা গেলে এসব সেবা মানুষের কাছে আরও জনপ্রিয় হবে, যা দুর্ভোগ কমানোর পাশাপাশি নৌপরিবহন খাতের লোকসানও হ্রাস করবে।
বর্ষা ও বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের উদ্যোগের পাশাপাশি বিভিন্ন সেতুর আশপাশে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়েও কঠোর সতর্কবার্তা দিয়েছেন মন্ত্রী। তিনি জানান, নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কাঁচপুর-ইলিশা ফেরি সার্ভিস চালুর ফলে ভোলার ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুরে ঢাকা-ইলিশা ফেরি সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ পরিকল্পনার কথা জানান।
আপনার মতামত লিখুন :