
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার যে কথা বলেছেন, তিনি তা চান। তবে তিনি স্পষ্ট করেছেন যে, শেখ হাসিনার দেশে ফিরে গণহত্যার দায় নিয়ে কারাগারে যাওয়া উচিত এবং আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়া জরুরি। মন্ত্রী বলেন, আইনের ক্ষমতা অনেক দীর্ঘ এবং আইন তার নিজস্ব গতিতেই কাজ করবে।
শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকূপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ‘আগামীর শৈলকূপা’ শীর্ষক মতবিনিময় সভা এবং প্রয়াত বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে খুন, গুম ও গণহত্যার যে অভিযোগ রয়েছে, তা অস্বীকার করার কোনো উপায় নেই। তিনি যদি সত্যের মুখোমুখি হতে চান, তবে তাকে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার সম্মুখীন হতে হবে।
শেখ হাসিনার বিদেশ থেকে বক্তব্য দেওয়া প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, অনেকে বলছেন তিনি ভিডিও কনফারেন্সে বক্তব্য দিয়েছেন। কিন্তু সেটি ছিল রেকর্ড করা অডিও, যা নিয়ে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারেরও আলোচনা রয়েছে। তিনি দেশে ফিরুন বা বিদেশ থেকেই বক্তব্য দিন, আইনের দৃষ্টিতে তিনি একজন পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে সাড়ে চার হাজার মানুষকে ক্রসফায়ারে হত্যা এবং জুলাই বিপ্লবে প্রায় ১ হাজার ৪০০ মানুষকে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে।
যারা শেখ হাসিনার ফিরে আসা নিয়ে বেশি কথা বলছেন, তাদের উদ্দেশে আইনমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, এত অভিযোগ ও ঘটনার পরও তিনি কি কখনও জনগণের কাছে ক্ষমা চেয়েছেন? একবারও কি তিনি নিজের অপরাধ স্বীকার করেছেন? নিজের বিবেককে প্রশ্ন করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :