Facebook Twitter Instagram YouTube

স্থানীয় সরকার নির্বাচন ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক


প্রকাশের সময় : জুলাই ১৩, ২০২৬, ৮:১৫ পূর্বাহ্ণ /
স্থানীয় সরকার নির্বাচন ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি জোরদার, দ্রুত জাতীয় কার্যকরী কমিটির সভা আয়োজন এবং দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও সক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির স্থায়ী কমিটি। রবিবার (১২ জুলাই) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের এই বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকের সিদ্ধান্তগুলো রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

বৈঠকে সরকারের বিভিন্ন অগ্রাধিকারভিত্তিক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের জন্য ভাতা কার্যক্রমের অগ্রগতিতে স্থায়ী কমিটি সন্তোষ প্রকাশ করেছে। এছাড়া দলের ঘোষিত নির্বাচনী ইশতেহার নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের বিষয়েও আশাবাদ ব্যক্ত করা হয়।

জুলাই সনদ ও গণভোট ইস্যুতে বিরোধী দলগুলোর বক্তব্য নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। এ বিষয়ে জনগণের কাছে দলের অবস্থান আরও স্পষ্টভাবে তুলে ধরতে প্রচার ও সাংগঠনিক কার্যক্রম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দলীয় ইউনিটগুলোকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দ্রুত জাতীয় কার্যকরী কমিটির সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দলের মহাসচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৈঠকে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর নিয়েও আলোচনা হয়। স্থায়ী কমিটির সদস্যরা মত দেন যে, এসব সফর বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন অংশীদারত্ব বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়াকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করা হয়। পাশাপাশি দেশে মাদক সমস্যার বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনসহ সব ইউনিটকে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। সভায় দলের সাবেক কোষাধ্যক্ষ ও সাবেক মন্ত্রী মিজানুর রহমান সিনহা এবং সাবেক চিফ হুইপ ও সাবেক মন্ত্রী হারুন-অর-রশীদের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। এছাড়া বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খানের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin