Facebook Twitter Instagram YouTube

দেশে সারের কোনো সংকট নেই, রটানো হচ্ছে: ত্রাণমন্ত্রী


প্রকাশের সময় : আগস্ট ২৬, ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ /
দেশে সারের কোনো সংকট নেই, রটানো হচ্ছে: ত্রাণমন্ত্রী

দেশে সারের কোনো ঘাটতি নেই বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী এবং সার বিতরণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সদস্য আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, সরকার সার উৎপাদন ও আমদানিতে প্রচুর ভর্তুকি প্রদান করছে। বুধবার লালমনিরহাট জেলা বিএনপি কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, বিভিন্ন জায়গায় সারের সংকটের কথা শোনা গেলেও বাস্তবে বাংলাদেশে সারের কোনো ঘাটতি নেই। সরকার ডিলার ও খুচরা বিক্রেতার সংখ্যা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। লালমনিরহাটের তথ্যের বিষয়ে তিনি জানান, গত বছরের তুলনায় এবার জেলায় সার বরাদ্দ অনেক বেশি দেওয়া হয়েছে।

সার কালোবাজারি ও কৃত্রিম সংকট তৈরির বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে ত্রাণমন্ত্রী বলেন, সার নিয়ে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। যারা অবৈধভাবে সার মজুদ করবেন বা অনিয়ম করবেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসককে সারের বাজার ও বিতরণ ব্যবস্থা কঠোরভাবে মনিটরিং করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া অবৈধ মজুদের তথ্য পেলে গুদামে অভিযান চালানোর কথাও জানিয়েছেন তিনি।

এর আগে মন্ত্রী লালমনিরহাট সদর হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে তিনি রোগীদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালের বিভিন্ন অনিয়ম লক্ষ করে তা সমাধানের নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে তিনি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির একটি সভায় অংশগ্রহণ করেন। এ সময় জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক ও পুলিশ সুপার আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy