
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত চালানো এসব পৃথক অভিযানে মোট ৩৪ লাখ ৬১ হাজার টাকা মূল্যের পণ্য জব্দ করা হয়।
বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যোন্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম শুক্রবার দুপুরে গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার চন্ডিদার, কসবা, মঈনপুর, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী ও শংকুচাইল বিওপির টহল দল সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করে।
উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় অবৈধ বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংকস, ফুসকা, শিং মাছ, গরু, বিভিন্ন প্রকার ওষুধ সামগ্রী, বাজি, শাড়ি, ভ্যাসমল, গাঁজা এবং ইজিবাইক। অভিযানের সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যায়।
লেফটেন্যোন্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম আরও জানান, উদ্ধার হওয়া পণ্যগুলো ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা কাস্টমসে জমা দেওয়া হবে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :