Facebook Twitter Instagram YouTube

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে ডিএমপির কঠোর নিরাপত্তা ব্যবস্থা


প্রকাশের সময় : আগস্ট ২৭, ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ /
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে ডিএমপির কঠোর নিরাপত্তা ব্যবস্থা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি ও জননিরাপত্তার ঝুঁকি মোকাবিলায় পুরো রাজধানীকে কঠোর নিরাপত্তাবলয়ের আওতায় আনা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে রাজধানীজুড়ে পিকেট ও চেকপোস্ট ডিউটি জোরদার করা হয়েছে। মহানগরের প্রতিটি প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একইসঙ্গে ডিবি ও সিটিটিসির সদস্যরা গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রেখেছেন। গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগমস্থলে সোয়াট, বম্ব ডিসপোজাল ইউনিট এবং কে-নাইন ইউনিটের সদস্যরা বিশেষ তল্লাশি বা সুইপিং কার্যক্রম পরিচালনা করবেন। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে বিশেষ নিরাপত্তা পরিকল্পনার অধীনে সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে।

নিরাপত্তা নিশ্চিত করতে সিটিএসবি ও আইএডির সদস্যরা সাদাপোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছেন। সেই সঙ্গে র‌্যাব ও সিআইডির অতিরিক্ত টিম মোতায়েন থাকবে। যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত সামাল দিতে পর্যাপ্ত কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় আয়োজিত আলোচনা সভা, মিলাদ মাহফিল ও র‍্যালিকেন্দ্রিক নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ অফিসার ও ফোর্স মোতায়েন করা হচ্ছে। র‍্যালির সামনে ও পেছনে সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যদের উপস্থিতিও নিশ্চিত করা হয়েছে। ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠ পর্যায়ে থেকে পুরো নিরাপত্তাব্যবস্থা সরাসরি তদারকি করবেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin