
কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি এবং কূটনৈতিক শিক্ষা ও প্রশিক্ষণে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে নতুন দুটি চুক্তি স্বাক্ষর করেছে কম্বোডিয়া ও ক্রোয়েশিয়া। মঙ্গলবার কম্বোডিয়ার রাজধানী নমপেনে এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়। কম্বোডিয়ার পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
চুক্তিতে স্বাক্ষর করেন কম্বোডিয়ার উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী প্রাক সোখোন এবং বর্তমানে কম্বোডিয়া সফররত ক্রোয়েশিয়ার পররাষ্ট্র ও ইউরোপীয় বিষয়ক মন্ত্রী গোরদান গ্রলিচ রাদমান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আগে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। বৈঠকে তারা কম্বোডিয়া ও ক্রোয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ঘনিষ্ঠ সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন।
উল্লেখ্য যে, চলতি বছর দুই দেশ তাদের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি উদযাপন করছে। গত তিন দশকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা বহুগুণ বিস্তৃত হয়েছে বলে বৈঠকে তুলে ধরা হয়। এই নতুন চুক্তি দুটির মাধ্যমে কূটনৈতিক পাসপোর্টধারীদের যাতায়াত সহজতর হওয়ার পাশাপাশি কূটনৈতিক শিক্ষা ও প্রশিক্ষণের ক্ষেত্রে দুই দেশের যৌথ সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :