
ফেনীর ছাগলনাইয়া বাজারে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা প্রায় ২০০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে স্থানীয় উপজেলা ও পৌর প্রশাসন। সোমবার দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই উচ্ছেদ অভিযান রিপোর্টটি লেখা পর্যন্ত চলমান ছিল।
অভিযানে এস্কেভেটর ও ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ফুটপাত ও সরকারি জায়গা দখল করে নির্মিত বিভিন্ন অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ করা স্থাপনাগুলোর মধ্যে ফলের দোকান, কনফেকশনারি, কাঁচাবাজারের অস্থায়ী দোকান, টিনশেড এবং আধাপাকা ঘরসহ বিভিন্ন অবৈধ কাঠামো অন্তর্ভুক্ত ছিল।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অভিযানের আগের দিন অর্থাৎ রোববার দিনভর মাইকিং করে বাজারের অবৈধ দখলদারদের নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সতর্ক করা হয়েছিল। তবে অধিকাংশ দখলদার প্রশাসনের সেই নির্দেশনা উপেক্ষা করায় সোমবার এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর ফারুকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও উচ্ছেদ অভিযান সম্পন্ন হয়। অভিযানে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহেরের নেতৃত্বে পুলিশের একটি দল ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর ফারুক বলেন, বাজারের ফুটপাত ও সরকারি জায়গা দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে। জনস্বার্থে ফুটপাত দখলমুক্ত রাখা এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে বলে তিনি উল্লেখ করেন এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।
এদিকে, সুশাসনের জন্য নাগরিক (সুজন) ছাগলনাইয়া উপজেলা শাখার সভাপতি কামরুল হাসান লিটন এই উচ্ছেদ অভিযানকে প্রশংসনীয় উদ্যোগ হিসেবে অভিহিত করেছেন। তবে তিনি অভিযানের পাশাপাশি ফুটপাতের হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পরিকল্পিত পুনর্বাসনের ব্যবস্থা করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এতে ফুটপাত যেমন দখলমুক্ত থাকবে, তেমনি ক্ষুদ্র ব্যবসায়ীরাও জীবিকা নির্বাহের সুযোগ পাবেন।
আপনার মতামত লিখুন :