
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির নেতা অজিঙ্কা শিন্ডে আগামী ১১ অক্টোবর সকাল ১০টায় যন্তর মন্তরের দিকে মিছিল নিয়ে যাওয়ার জন্য সমর্থকদের প্রতি আহ্বান জানান। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত এই প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।
অজিঙ্কা শিন্ডে বলেন, জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত আমরা থামব না এবং বাড়ি ফিরব না। তিনি আরও উল্লেখ করেন, অতীতে যেভাবে সরকারের ঔদ্ধত্য ভেঙে দেয়া হয়েছিল, এবারও একই পথ অনুসরণ করা হবে। বাম ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে নিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে শিন্ডে দিল্লিতে শনিবার দিনভর ঘটে যাওয়া ঘটনাপ্রবাহকে জরুরি অবস্থার চেয়েও ভয়াবহ বলে মন্তব্য করেন। তিনি দাবি করেন, তারা যন্তর মন্তরে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকারের দাবিতে আন্দোলন করতে চেয়েছিলেন।
সংবাদ সম্মেলনে সিজেপি নেতা অভিযোগ করেন যে, অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্গাকে দিল্লি বিমানবন্দর থেকে আটক করার পর তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। যদিও দিল্লি পুলিশ জানিয়েছে, পুলিশ আইনে প্রায় ৩ হাজার জনকে আটক করা হয়েছিল, তবে সন্ধ্যায় তাদের সবাইকে ছেড়ে দেয়া হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। এদিকে, এই পরিস্থিতির প্রেক্ষাপটে ইন্ডিয়া জোটের নেতারা সোমবার দিল্লিতে একটি মহা সমাবেশের ডাক দিয়েছেন।
দিল্লি পুলিশ জানিয়েছে, পুলিশ আইনে প্রায় ৩,০০০ জনকে আটক করা হয়েছে।
আপনার মতামত লিখুন :