
ভালোবাসা, অপেক্ষা এবং গভীর বিরহের আকুল অনুভূতির গল্প নিয়ে কোক স্টুডিও বাংলার চতুর্থ মৌসুমের তৃতীয় গান ‘পাতার বাঁশরি’ মুক্তি পেয়েছে। গানটিতে প্রেম ও হৃদয়ের না-বলা আবেগের এক চিরন্তন চিত্র ফুটে উঠেছে।
গানটির কথা ও সুর করেছেন ইশান। এর সংগীত পরিচালনার দায়িত্বে ছিলেন আদিত রহমান। গানটিতে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন ইশান ও সুনিধি নায়েক। দুই শিল্পীর আবেগঘন কণ্ঠ ও সহজ ভাষার সুরের সংমিশ্রণ গানটিকে শ্রোতাদের কাছে জনপ্রিয় করে তুলেছে। গানটির মূল গল্পে দেখা যায়, এক প্রেমিক তার প্রিয় মানুষের বাঁশির সুরে বারবার ব্যাকুল হয়ে উঠছেন; যেখানে দূরে থাকতে চাইলেও শেষ পর্যন্ত ভালোবাসার টানেই তাকে ফিরে আসতে হয়।
গানটির মিউজিক ভিডিওটিও দর্শকদের নজর কাড়ছে। নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁওয়ের ঐতিহ্যবাহী স্থাপনা ও শান্ত প্রাকৃতিক পরিবেশে এর চিত্রায়ন করা হয়েছে, যা গানের গল্পের আবহকে আরও জীবন্ত করে তুলেছে। বর্তমানে কোক স্টুডিও বাংলার সব ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও অফিসিয়াল চ্যানেলে গানটি শোনা ও দেখা যাচ্ছে।
আপনার মতামত লিখুন :