
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পদ ঘিরে চলমান আন্দোলনের কারণে সৃষ্ট অচলাবস্থা নিরসন এবং শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর লক্ষ্যে একটি ছয় সদস্যের পরামর্শক কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। শিক্ষা মন্ত্রণালয়ের আহ্বানে আজ সোমবার এই কমিটি গঠন করা হয়। এর আগে গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয় ইউজিসিকে কমিটি গঠনের জন্য চিঠি দেয়।
ইউজিসির সদস্য অধ্যাপক আবদুল্লাহ-আল-মামুনকে এই পরামর্শক কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন—বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক একরামুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আল ফোরকান, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ ইউসুপ ইলাহী চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটোয়ারী এবং ইউজিসির অতিরিক্ত পরিচালক মো. মহিবুল আহসান (সদস্যসচিব)। এ ছাড়া কমিটিকে সাচিবিক সহায়তা দেওয়ার জন্য ইউজিসির একজন সহকারী পরিচালককে রাখা হয়েছে।
প্রায় এক মাস ধরে চুয়েটে ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। এই অচলাবস্থার সূত্রপাত হয় গত ২১ সেপ্টেম্বর, যখন সরকার চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্যের পদ থেকে অব্যাহতি দিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়। অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে গত ২৭ জুলাই উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল এবং তিনি ৫৬ দিন দায়িত্ব পালন করেন।
নতুন উপাচার্য নিয়োগের এই সিদ্ধান্তের প্রতিবাদে ওই রাতেই শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন এবং উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে দেন। পরদিন ২২ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক শাটডাউন শুরু হয়। একই দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতিতে যোগ দেন, যার ফলে শিক্ষা কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়।
নবগঠিত এই পরামর্শক কমিটি চুয়েটের অচলাবস্থা নিরসন এবং শ্রেণিভিত্তিক শিক্ষা কার্যক্রম আবার চালুর বিষয়ে ইউজিসির কাছে প্রতিবেদন জমা দেবে।
আপনার মতামত লিখুন :