
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় নিজ দেশে প্রত্যাবাসনে যুক্তরাজ্য কাজ করছে। এমনটাই জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে এশিয়ার খ্যাতনামা দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ি এবং সাহেব বাড়ির দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হাইকমিশনার সারাহ কুক উল্লেখ করেন, মিয়ানমারে প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ তৈরি হলে রোহিঙ্গারা যাতে নিরাপদে নিজ দেশে ফিরতে পারেন, সে লক্ষ্যে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যুক্তরাজ্য ঘনিষ্ঠভাবে কাজ করছে। তিনি আরও জানান, রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাজ্য দীর্ঘদিন ধরে বাংলাদেশকে সহযোগিতা করে আসছে এবং গত নয় বছরে রোহিঙ্গাদের সহায়তায় ৪৬০ মিলিয়ন পাউন্ডেরও বেশি অর্থ সহায়তা দেওয়া হয়েছে। সারাহ কুক জোর দিয়ে বলেন, এই সংকট মোকাবিলায় যুক্তরাজ্য বাংলাদেশের পাশে রয়েছে এবং বাংলাদেশ সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। তাদের মূল লক্ষ্য হলো, মিয়ানমারে উপযুক্ত পরিবেশ তৈরি হলে রোহিঙ্গারা যেন নিরাপদে, মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে পারেন, তা নিশ্চিত করা।
বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক প্রসঙ্গে ব্রিটিশ হাইকমিশনার বলেন, বাংলাদেশের জনগণ ও সরকারের সঙ্গে যুক্তরাজ্যের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সুদৃঢ় অংশীদারত্ব রয়েছে। তিনি আরও জানান, যুক্তরাজ্যে বিপুলসংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ বসবাস করেন এবং বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামগ্রিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে দুই দেশ একসঙ্গে কাজ করছে।
টাঙ্গাইলে দুর্গাপূজার আয়োজন নিয়ে সন্তোষ প্রকাশ করে সারাহ কুক বলেন, কুমুদিনীতে দুর্গাপূজার আয়োজনে উপস্থিত হতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত। এটি তাঁর তৃতীয়বারের মতো এই স্থানে আগমন। প্রতিবারই পূজার বর্ণিল আয়োজন, সংগীত, নাচ ও উৎসবের আনন্দ তাঁকে মুগ্ধ করে। তিনি মন্তব্য করেন, এই উৎসব বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে, যেখানে সব ধর্মের মানুষ একসঙ্গে আনন্দ উদ্যাপন করেন। এটি একটি বিশেষ আয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে, কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছালে কর্তৃপক্ষ ফুল দিয়ে ব্রিটিশ হাইকমিশনারকে স্বাগত জানায়। তিনি কুমুদিনী লাইব্রেরিও পরিদর্শন করেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি কুমুদিনী কমপ্লেক্স থেকে বেরিয়ে বজরা নৌকায় লৌহজং নদী পার হয়ে রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপে যান। সেখানে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
আপনার মতামত লিখুন :