Facebook Twitter Instagram YouTube

ইশরাকের পদত্যাগ অধ্যায়ের সমাপ্তি নয়, নতুন পথের সূচনা: প্রধানমন্ত্রীর মুখপাত্র


প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৬, ১১:৫৩ অপরাহ্ণ / ০
ইশরাকের পদত্যাগ অধ্যায়ের সমাপ্তি নয়, নতুন পথের সূচনা: প্রধানমন্ত্রীর মুখপাত্র

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পদত্যাগ কোনো অধ্যায়ের সমাপ্তি নয়, বরং এটি তার জন্য বৃহত্তর রাজনৈতিক দায়িত্ব পালনের পথ উন্মোচন করতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। বর্তমানে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থানরত প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা গতকাল সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে এই মন্তব্য করেন।

মাহ্দী আমিন জানান, সৌদি আরব থেকেই তিনি প্রিয় ভাই ও রাজপথের আপসহীন লড়াইয়ের অন্যতম মুখ ইশরাক হোসেনের মন্ত্রিসভা থেকে পদত্যাগের খবর জানতে পারেন। তিনি ইশরাক হোসেনের সঙ্গে তার দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, তাদের একসঙ্গে অনেক স্মৃতি ও পথচলার অভিজ্ঞতা রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ইশরাক হোসেনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানের একজন অকুতোভয় যোদ্ধা হিসেবে তার ভূমিকা এবং গৌরবোজ্জ্বল পারিবারিক ঐতিহ্যের কথা স্মরণ করেন। তিনি আরও উল্লেখ করেন যে, বিএনপির ইয়ুথ এনগেজমেন্ট, ডিপ্লোমেটিক যোগাযোগ, সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তারা একসঙ্গে কাজ করেছেন।

মাহ্দী আমিন ইশরাক হোসেনের জাতীয়তাবাদী আদর্শ ও দেশপ্রেমকে 'সত্যিই অনন্য' বলে অভিহিত করেন। তিনি স্বীকার করেন যে, ইশরাকের সাম্প্রতিক কাজের পদ্ধতি ও প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ও মতভিন্নতা থাকতে পারে। তবে, যে উদ্যোগকে কেন্দ্র করে এত আলোচনার সৃষ্টি হয়েছে, সেটির লক্ষ্য, নৈতিকতা ও যৌক্তিকতা নিয়ে ন্যূনতম দ্বিধার কোনো অবকাশ নেই বলে তিনি জোর দেন।

তিনি আরও বলেন, প্রতিমন্ত্রীর পদ বা পদত্যাগপত্র দিয়ে ইশরাক হোসেনের রাজনৈতিক পরিচয় কিংবা আত্মত্যাগকে পরিমাপ করা যায় না। সাময়িক যেকোনো সিদ্ধান্তের চেয়ে দল, দেশ ও মানুষের কল্যাণে তাঁর অবদান এবং আন্তরিক অবস্থান অনেক বেশি অর্থবহ।

জনগণের সরকারের বার্তা এখানে অনেকটাই স্পষ্ট উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আস্থাভাজন, ত্যাগী ও জনপ্রিয় একজন তরুণ নেতার সাহসী ও জনবান্ধব উদ্যোগের বাস্তবায়নেও যদি কোনো বিতর্কের অবকাশ থাকে, সেখানেও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে। তিনি বিশ্বাস করেন, রাষ্ট্র বিনির্মাণের পথযাত্রায় সামনের দিনগুলোতেও সরকারের প্রতিটি পর্যায়ে দায়বদ্ধতার ধারা বজায় থাকবে।

সবশেষে মাহ্দী আমিন বলেন, ইশরাক হোসেনের এই ঐতিহাসিক ও অভূতপূর্ব পদত্যাগ মোটেই কোনো অধ্যায়ের সমাপ্তি নয়। বরং আত্মোপলব্ধি, সংশোধনী ও গণমানুষের ভালোবাসায় সামনে তাঁর জন্য আরও বৃহত্তর ও গণমুখী রাজনৈতিক দায়িত্ব পালনের পথ উন্মোচিত হতে পারে, ইনশাআল্লাহ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy