বিশ্বকাপের মহরণ শুরুর আগে স্পেন দলকে সতর্কবার্তা দিয়েছেন তাদেরই কিংবদন্তি কোচ ভিসেন্তে দেল বস্ক। ২০১০ সালে স্প্যানিশদের বিশ্বজয়ের স্বাদ এনে দেওয়া এই কোচের মতে, আর্জেন্টিনা অত্যন্ত কঠিন এক দল, যারা যেকোনো মুহূর্তে ম্যাচের দৃশ্যপট বদলে দিতে পারে এবং প্রতিপক্ষকে কঠিন পরীক্ষায় ফেলতে ওস্তাদ।
স্পেনের জনপ্রিয় দৈনিক ‘এল পাইস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ৭৫ বছর বয়সী এই সাবেক কোচ বলেন, আর্জেন্টিনার বিপক্ষে লড়াই করা সবসময়ই বেশ কঠিন। তাদের অনায়াসেই ‘ভীষণ ঝামেলার প্রতিপক্ষ’ হিসেবে আখ্যা দেওয়া যায়। কারণ তারা খুব ভালো করেই জানে, ম্যাচ জিততে হলে মাঠে ঠিক কী করতে হবে।
সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় পাওয়ার উদাহরণ টেনেছেন দেল বস্ক। তিনি বলেন, আমার দৃষ্টিতে ফাইনালে স্পেন হয়তো কিছুটা এগিয়ে থাকবে। তবে আর্জেন্টিনার অভিজ্ঞতার ঝুলি এবং যেকোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করার মানসিকতা নিয়ে অবশ্যই স্পেনকে সতর্ক থাকতে হবে।
চলতি টুর্নামেন্টে নিজের দেশের ফুটবলারদের পারফরম্যান্সেও দারুণ মুগ্ধ দেল বস্ক। স্পেনের খেলার ধরন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, এবারের আসরে স্পেন নিজেদের ছক অনুযায়ী মাঠে দারুণ ফুটবল খেলেছে। তারা প্রতিটি ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে এবং একই সঙ্গে মাঠে আত্মবিশ্বাস ও স্থিরতার এক চমৎকার দৃষ্টান্ত দেখিয়েছে।
আগামী রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন।
আপনার মতামত লিখুন :