
দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাংবাদিকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, পলাতক ও দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে নয়াদিল্লিতে গণমাধ্যমের সামনে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে, যেখানে তিনি ও তাঁর সহযোগীরা বাংলাদেশ রাষ্ট্র এবং জনগণের বিরুদ্ধে বিষাক্ত ঘৃণা ছড়িয়েছেন।
এই কূটনৈতিক উত্তেজনার আবহে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশ না নেওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত বলে সরকারি একাধিক সূত্র জানিয়েছে।
বর্তমান পরিস্থিতিতে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। আগামীকাল সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে আজ রোববার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গেও ভারতীয় হাইকমিশনারের বৈঠক হওয়ার কথা রয়েছে।
আপনার মতামত লিখুন :