
বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ রূপ ধারণ করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, গত সোমবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত এক দিনের হিসাবে এটি রেকর্ড প্রাণহানি। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩০ জনে।
মৃত্যুর পাশাপাশি হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও নতুন উচ্চতায় পৌঁছেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ১ হাজার ৫৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এত রোগী এর আগে কোনো এক দিনে ভর্তি হননি। এর আগে গত রোববার সর্বোচ্চ ১ হাজার ৫৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজার ৪৭৫ জনে।
নতুন করে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৯৬ জন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৩৪ জন ভর্তি হয়েছেন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগে ৪০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ২৪২ জন, বরিশাল বিভাগে ১৪২ জন, চট্টগ্রাম বিভাগে ১১৭ জন, রাজশাহী বিভাগে ১১৬ জন, ময়মনসিংহ বিভাগে ৭৭ জন, রংপুর বিভাগে ৭১ জন এবং সিলেট বিভাগে ৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ পর্যন্ত বিভাগভিত্তিক পরিসংখ্যানে খুলনা বিভাগে সর্বোচ্চ ৭ হাজার ২৯৮ জন রোগী ভর্তি হয়েছেন।
উল্লেখ্য, গত বছর ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল এবং শনাক্ত রোগীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ২ হাজার। দেশে ডেঙ্গুর বড় ধরনের প্রাদুর্ভাব হয় ২০০০ সালে। এরপর প্রতিবছরই এ রোগে আক্রান্ত রোগী পাওয়া গেছে। তবে ২০১৯ সালে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায়। এরপর ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং সে বছরই সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। এর আগের ২৩ বছরে ডেঙ্গুতে এত মৃত্যু এবং এত রোগী দেখা যায়নি।
আপনার মতামত লিখুন :