Facebook Twitter Instagram YouTube

ডেঙ্গুতে প্রাণ হারালেন মুগদা মেডিকেল কলেজের চিকিৎসক আঁচল রায়


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ / ০
ডেঙ্গুতে প্রাণ হারালেন মুগদা মেডিকেল কলেজের চিকিৎসক আঁচল রায়

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ৪২তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. আঁচল রায়। তিনি মুগদা মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। রোববার সকাল ৮টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর। তিনি নোয়াখালী মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন।

তরুণ এই চিকিৎসকের অকাল প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এক শোকবার্তায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডা. আঁচল রায়ের অকাল মৃত্যুতে স্বাস্থ্য পরিবার একজন নিবেদিতপ্রাণ চিকিৎসককে হারাল। তার এই মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। শোকবার্তায় মন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy