
পাবনা শহরের লস্করপুর রেলওয়ে স্টেশন এবং এর আশপাশের এলাকায় হঠাৎ কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায় নারী ও শিশুসহ অন্তত ১১ জন পথচারী আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা থেকে বুধবার (২৯ জুলাই) সকাল পর্যন্ত এই আক্রমণের ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে যান, যেখানে তাদের প্রাথমিক চিকিৎসা ও র্যাবিস প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে।
পাবনা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান জানান, কুকুরের কামড়ে আহত ১১ জন হাসপাতালে এসেছেন। এদের মধ্যে তিনজনকে চিকিৎসা শেষে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। বাকি সাতজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তবে তিনি আশ্বস্ত করেছেন যে হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিন মজুত রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, লস্করপুর এলাকায় দীর্ঘদিন ধরে বেওয়ারিশ কুকুরের সংখ্যা বৃদ্ধি পেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। স্থানীয় বাসিন্দা জুঁই আক্তার জানান, এলাকাটিতে কুকুরের ভয়ে রিকশাচালক, দোকানদার, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা চরম আতঙ্কে চলাচল করছেন। তিনি আরও দাবি করেন, ঘটনার সময় এক শিশুর চোখ উপড়ে ফেলার মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল এবং বুধবার সকালেও কুকুরগুলোকে এলাকায় ঘুরতে দেখা গেছে।
ঘটনা সম্পর্কে জানতে চাইলে পাবনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জহুরুল ইসলাম জানান, তিনি বিষয়টি সম্পর্কে আগে অবগত ছিলেন না। তবে তিনি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। একই কথা জানিয়েছেন পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান। তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। এদিকে, পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান যে তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন।
আপনার মতামত লিখুন :